সন্ত্রাসীর গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন। রোববার সকালে করা পুনরায় সিটি স্ক্যানে তার মস্তিষ্কে মারাত্মক ক্ষতির তথ্য পাওয়া গেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ডা. আব্দুল আহাদ জানান, খুব কাছ থেকে করা গুলিটি মস্তিষ্কের টেম্পোরাল ব্যারিয়ার ভেদ করেছে এবং গুরুত্বপূর্ণ রক্তনালীর পাশ দিয়ে গেছে। অপারেশনের পরও গুলির কিছু স্প্লিন্টার মস্তিষ্কে রয়ে গেছে। অক্সিজেনের ঘাটতি ও রক্ত জমাটের সমস্যাও রয়েছে।
এ ছাড়া একসময় তার কিডনির কার্যক্ষমতা বন্ধ থাকলেও পরে তা ফিরে এসেছে। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে আছেন। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে বিদেশে নেওয়ার বিষয়ে পরিবার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। ইতোমধ্যে বিদেশে চিকিৎসার জন্য কেস সামারি পাঠানো হয়েছে।


















