পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, গণ-অভ্যুত্থান বা জুলাই আন্দোলন কারো ব্যক্তিগত সম্পদ নয়; এটি জনগণের সম্মিলিত আন্দোলন ও অধিকার। তিনি বলেন, “আমরাও এই আন্দোলনের অংশগ্রহণ করেছি। এ বিষয়ে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে।”
সোমবার (৯ মার্চ) রাজধানীর আব্দুল গনি রোডে অবস্থিত বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আইজিপি জানান, ২০২৪ সালে সংঘটিত জুলাই আন্দোলনকে যারা নিজেদের সম্পত্তি মনে করছে, তাদের একটি তালিকা প্রস্তুত করা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। চাঁদাবাজির বিরুদ্ধে দল-মত নির্বিশেষে ব্যবস্থা নেওয়া হবে এবং কোনো দলীয় বিবেচনার সুযোগ থাকবে না।
আইজিপি বলেন, ইতোমধ্যে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের এ বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন, অতিরিক্ত আইজি (অর্থ) মো. আকরাম হোসেন, অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম, অতিরিক্ত আইজি (লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন) মোসলেহ উদ্দিন আহমদ এবং অতিরিক্ত আইজি (ডেভেলপমেন্ট) সরদার নূরুল আমিন।


















