বিএনপির প্রতি জনসমর্থন বোঝাতে জামায়াতের সমাবেশের একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান। সোমবার (২৭ জানুয়ারি) রাত ৮টার দিকে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে ভিডিওটি শেয়ার করেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও হাস্যরসের সৃষ্টি হয়েছে।
রাত সাড়ে ৯টা পর্যন্ত ভিডিওটি এক লাখ ৫০ হাজারের বেশি বার দেখা হয়েছে। পোস্টটি এক হাজার ৭০০-এর বেশি বার শেয়ার করা হয়। পাশাপাশি এতে ৩৮ হাজারের বেশি রিয়্যাক্ট এবং সাড়ে তিন হাজারের বেশি মন্তব্য পড়ে।
ভিডিও শেয়ার করে আবিদুল ইসলাম খান ক্যাপশনে লেখেন, ‘তারেক বসন্ত’। ছড়িয়ে পড়া স্ক্রিনশটে দেখা যায়, ভিডিওটিতে যশোরে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর আমিরের একটি সমাবেশের একাধিক ছবি ব্যবহার করা হয়েছে।
তবে পোস্ট দেওয়ার প্রায় এক ঘণ্টা পর, রাত সোয়া ৯টার দিকে তিনি পোস্টটিতে সংশোধনী আনেন। একই সঙ্গে কমেন্টের মাধ্যমে বিষয়টি ব্যাখ্যা করেন আবিদ।
কমেন্টে তিনি লেখেন, ‘পূর্বের ভিডিওটি ৭১ টিভি থেকে সংরক্ষণ করা হয়েছিল। পরবর্তীতে কারেকশন করা হয়েছে। দায়িত্বশীল মিডিয়া হিসেবে এই ধরনের প্রচার দুঃখজনক।’

















