শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন কমিশন থেকে বিএনপিপন্থী আটজন শিক্ষক পদত্যাগ করেছেন।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আশরাফ উদ্দিন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, পদত্যাগকারী শিক্ষকরা শাকসু নির্বাচনের কোনো দায়িত্ব আর পালন করছেন না এবং অন্যদেরও দায়িত্ব না পালনের আহ্বান জানানো হবে।
সোমবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের নতুন সামাজিক বিজ্ঞান ভবনের নিচতলায় আয়োজিত সংবাদ সম্মেলনে অধ্যাপক আশরাফ উদ্দিন বলেন, “প্রশাসনের আচরণে আমরা বিব্রত বোধ করছি। এই পরিস্থিতিতে নির্বাচন হবে কি না—সে বিষয়টি আমরা ভাইস চ্যান্সেলরকেও জানিয়েছি।”
এ বিষয়ে শাকসু নির্বাচন কমিশনের মুখপাত্র অধ্যাপক মো. নজরুল ইসলাম বলেন, “আটজন শিক্ষক পদত্যাগ করেছেন বলে শুনেছি। তবে এখনো আনুষ্ঠানিক কোনো নথি আমরা পাইনি। নির্বাচনের স্বাভাবিক কার্যক্রম চলমান রয়েছে।”
















