আইন সবার জন্য সমান—এই নীতিকে সামনে রেখেই দায়িত্ব পালন করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে বাস্তব জীবনে বিভিন্ন পরিস্থিতিতে মানবিক বিবেচনাও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে—এমনটাই উঠে এসেছে এক পুলিশ সদস্যের সাম্প্রতিক ফেসবুক পোস্টে।
পুলিশ সদস্য আজিজ শিমুল নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দায়িত্ব পালনকালীন বেশ কয়েকটি অভিজ্ঞতা শেয়ার করেছেন, যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।
তার পোস্টে উল্লেখ করা হয়, একদিন সিগন্যাল অমান্য করে তিনজন মোটরসাইকেল আরোহীকে থামানো হলে তারা জানান, তারা জরুরি ভিত্তিতে রক্ত দিতে যাচ্ছেন এবং একজন ডোনার তাদের সঙ্গে রয়েছেন। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে তাদের দ্রুত যেতে দেওয়া হয়।
আরেক ঘটনায় গভীর রাতে কাগজপত্র ছাড়া এক মোটরসাইকেল চালককে থামানো হলে তিনি জানান, তিনি তার মায়ের জন্য জরুরি ওষুধ আনতে বের হয়েছেন। পরিস্থিতি যাচাই করে মানবিক দৃষ্টিকোণ থেকে তাকে সহযোগিতা করা হয়।
এছাড়া, হেলমেটবিহীন এক দম্পতিকে থামালে চালক লজ্জার বিষয়টি উল্লেখ করে অনুরোধ জানান। সেক্ষেত্রেও সতর্ক করে ছেড়ে দেওয়া হয় বলে পোস্টে উল্লেখ করা হয়।
একইভাবে, একটি অননুমোদিত সিএনজি থামিয়ে দেখা যায়, ভেতরে জরুরি রোগী রয়েছেন। ড্রাইভার জানান, তিনি রোগীকে হাসপাতালে নিয়ে যাচ্ছেন। বিষয়টি বিবেচনা করে তাদেরও দ্রুত যেতে দেওয়া হয়।
পোস্টে আরও উল্লেখ করা হয়, ট্রিপল রাইডার ও হেলমেটবিহীন এক মোটরসাইকেল চালককে আটক করে মামলা দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। পরে চালক নিজেকে একটি মসজিদের ইমাম হিসেবে পরিচয় দিয়ে আর্থিক সীমাবদ্ধতার কথা জানালে তাকে মানবিক দৃষ্টিকোণ থেকে ছেড়ে দেওয়া হয়।
পোস্টের শেষাংশে পুলিশ সদস্য উল্লেখ করেন, “আইন সমান হলেও বাস্তব প্রয়োগে স্থান, কাল ও পরিস্থিতি বিবেচনা করা প্রয়োজন।”


















