জুলাই সনদ নিয়ে দেওয়া এক বক্তব্যের প্রেক্ষিতে সরকারদলের সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)- এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ। সোমবার (ভোর ৫টা ৫ মিনিটে) নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, সালাউদ্দিন সাহেবের মন্তব্য জনগণের রাজনৈতিক সচেতনতা ও বিচারবোধকে হেয় করার শামিল।
পোস্টে তিনি উল্লেখ করেন, সালাউদ্দিন সাহেব দাবি করেছেন- জুলাই সনদের পক্ষে পড়া ৭১ শতাংশ ভোট নাকি জনগণ না বুঝেই দিয়েছে। তার মতে, যেহেতু নথিটি পড়তে তার তিন ঘণ্টা সময় লাগে, তাই সাধারণ মানুষ এটি বুঝতে পারেনি।
এ ধরনের বক্তব্যের সমালোচনা করে ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ বলেন, গত দেড় বছরে সংস্কার ও জুলাই সনদ নিয়ে জামায়াত, এনসিপিসহ অধিকাংশ রাজনৈতিক শক্তি, নাগরিক সমাজ এবং বিভিন্ন গণমাধ্যমে বিস্তৃত আলোচনা হয়েছে। টেলিভিশন, সংবাদপত্র ও সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে দেশের মানুষ বহুবার শুনেছে, দেখেছে এবং মতামত গঠন করেছে। তাই জনগণ কিছু না বুঝেই ভোট দিয়েছে—এমন দাবি ‘শাক দিয়ে মাছ ঢাকার’ মতো বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, বর্তমান স্পিকার নিজেই জানিয়েছেন যে নির্বাচনে যাওয়ার আগে গণভোটের বিষয়ে সবাই একমত হয়েছিল। তার মতে, যখন রাজনৈতিক অঙ্গনে সংস্কার ও গণতান্ত্রিক কাঠামো নিয়ে জনমত তৈরি হচ্ছিল, তখন সালাউদ্দিন সাহেব ও তার সহকর্মীরা অন্য বাস্তবতায় ব্যস্ত ছিলেন—যেকোনো উপায়ে ক্ষমতায় যাওয়াই ছিল তাদের একমাত্র লক্ষ্য।
পোস্টের শেষাংশে তিনি সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে বলেন, সরকারদলের উচিত পরিষ্কারভাবে জানানো—তারা গণভোটের রায়ের পক্ষে না বিপক্ষে।


















