সিলেট বিভাগে ‘অযৌক্তিক’ জরিমানা ও বিভিন্ন ধরনের হয়রানির অভিযোগ তুলে সব ধরনের পেট্রোল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন মালিকরা।
বুধবার (১ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতারা।
বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস ডিস্ট্রিবিউশন এজেন্টস অ্যান্ড পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশন, সিলেট বিভাগীয় কমিটির সভাপতি জুবায়ের আহমেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক হুমায়ূন আহমেদ এই কর্মসূচির ঘোষণা দেন।
তারা জানান, পাম্পগুলোতে ট্যাগ অফিসার বসানো, বিভিন্ন সংস্থার মাধ্যমে ঘনঘন হিসাব নেওয়া, পুলিশ নিয়োগ এবং অন্তত ছয়টি পাম্পে বড় অঙ্কের জরিমানা আদায়ের প্রতিবাদে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পাম্প মালিকদের দাবি, বর্তমান পরিস্থিতিতে সিএনজি ও এলপিজিসহ কোনো ধরনের পাম্প পরিচালনা করা তাদের পক্ষে সম্ভব নয়।
এ বিষয়ে তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি ও জরিমানাকে তারা ‘হয়রানি’ হিসেবে দেখছেন। প্রয়োজনে সরকার নিজেই পাম্প পরিচালনা করুক—এমন মন্তব্যও করেছেন তারা।
উদ্ভূত পরিস্থিতি নিরসনে সন্ধ্যা থেকে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার চেষ্টা করা হলেও কোনো সমাধান না আসায় রাতেই বৈঠক করে এ কঠোর কর্মসূচি ঘোষণা করা হয়।


















