প্রবাসী রেমিট্যান্সযোদ্ধাদের অবদানের স্বীকৃতি দিতে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত সিলেট জেলার ১০০ জন প্রবাসী বাংলাদেশিকে সম্মাননা দিচ্ছে জেলা প্রশাসন।
আজ শনিবার (২৭ ডিসেম্বর) এ সম্মাননা প্রদান করা হচ্ছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। সকাল ১০টায় কিনব্রিজ এলাকা থেকে একটি র্যালি শুরু হয়ে রিকাবীবাজারের কবি নজরুল অডিটরিয়ামে গিয়ে শেষ হয়।
কবি নজরুল অডিটরিয়ামে বেলা সাড়ে ১১টা থেকে শুরু হয় সম্মাননা প্রদান অনুষ্ঠান। পরে সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে ‘স্থানীয় উন্নয়নে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হবে।
সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম জানান, দেশে ও প্রবাসে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সিলেটের ১০০ জন প্রবাসীকে এ সম্মাননা দেওয়া হচ্ছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ১৭ নভেম্বর রেমিট্যান্সযোদ্ধাদের সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে ছয়টি ক্যাটাগরিতে আবেদন আহ্বান করা হয়। ৫ ডিসেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়।
ক্যাটাগরিগুলো হলো
১) সফল পেশাজীবী
২) সফল ব্যবসায়ী
৩) সফল কমিউনিটি নেতা
৪) সফল নারী উদ্যোক্তা
৫) খেলাধুলায় সাফল্য অর্জনকারী
৬) বাংলাদেশি পণ্য আমদানিকারক
আবেদনের জন্য প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত গুগল ফর্ম ও ইমেইলের মাধ্যমে জমা দিতে বলা হয়।
সিলেট জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা জানান, নির্ধারিত সময়ের মধ্যে বিশ্বের ১১টি দেশে অবস্থানরত সিলেট জেলার ছয় শতাধিক প্রবাসী এই সম্মাননার জন্য আবেদন করেছেন।


















