নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগের জেরে শুক্রবার রাতে কয়েকটি এলাকায় অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে হাতিয়ার ওছখালী শহরে এনসিপির একটি মিছিল বের হয়। এ সময় একই আসনের বিএনপির প্রার্থীর গাড়িতে ইটপাটকেল নিক্ষেপের অভিযোগ ওঠে। পরে তমরুদ্দি ইউনিয়নের তালতলা এলাকায় এনসিপির একটি নির্বাচনী কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে বলে দাবি করা হয়। এতে একজন কর্মী আহত হয়েছেন বলে এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে।
এনসিপির প্রার্থী ও ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী আবদুল হান্নান মাসউদ বলেন, নির্বাচনকে বিতর্কিত করতে পরিকল্পিতভাবে এ ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। তিনি জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
অন্যদিকে বিএনপির পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করা হয়েছে। দলটির প্রার্থী মাহবুবুর রহমান শামীমের প্রধান নির্বাচনী এজেন্ট মো. আলাউদ্দিন রনি বলেন, হাতিয়ায় দিনভিত্তিক কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনার সূত্রপাত হয় এবং এনসিপির নেতাকর্মীরাই লাঠি মিছিল ও সহিংসতার পথ বেছে নিয়েছে বলে তারা মনে করেন।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম জানান, বিভিন্ন ঘটনায় ক্ষয়ক্ষতির খবর তারা পেয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবে লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
এর আগে একই দিন দুপুরে নলচিরা ঘাট এলাকায় ফেরি উদ্বোধনকে কেন্দ্র করে উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় সচেতন মহল মনে করছে, দ্বীপ অঞ্চলের সংবেদনশীল পরিস্থিতিতে সব পক্ষের সংযম ও দায়িত্বশীল আচরণ না থাকলে নির্বাচনী পরিবেশ আরও ঝুঁকির মুখে পড়তে পারে।

















