চলতি বছরের এইচএসসি (উচ্চমাধ্যমিক) ও সমমান পরীক্ষা আগামী ৭ জুন থেকে শুরু হতে পারে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি প্রাথমিকভাবে এ তারিখ নির্ধারণ করেছে। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে চূড়ান্ত সময়সূচি প্রকাশ করা হবে।
রোববার (২৯ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত বোর্ড চেয়ারম্যানদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত একাধিক চেয়ারম্যান বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শিক্ষামন্ত্রীর সঙ্গে সর্বশেষ বৈঠকের দিকনির্দেশনা এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় ৭ জুনকে সম্ভাব্য শুরুর তারিখ হিসেবে নির্ধারণ করা হয়েছে। অনুমোদন মিললেই চূড়ান্ত রুটিন প্রকাশ করা হবে।
এদিকে, এ বছর থেকে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আগে থেকেই মাদরাসা ও কারিগরি বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে। ফলে এবার মোট ১১টি বোর্ডেই একই প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণের পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে।


















