অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে আজ ভারত–বাংলাদেশ ম্যাচে টসের সময় প্রতিপক্ষ অধিনায়কের সঙ্গে হাত না মেলানোর ঘটনাটি সম্পূর্ণ ‘অনিচ্ছাকৃত’ ছিল বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শনিবার (১৭ জানুয়ারি) রাত ৮টার দিকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, অসুস্থতার কারণে বাংলাদেশের অনূর্ধ্ব–১৯ দলের নিয়মিত অধিনায়ক আজিজুল হাকিম তামিম টসে উপস্থিত থাকতে পারেননি। তার পরিবর্তে সহ-অধিনায়ক জাওয়াদ আবরার ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে টসে অংশ নেন।
টস শেষে ভারতের অধিনায়কের সঙ্গে হ্যান্ডশেক না করার বিষয়টি বোর্ডের নজরে আসার পর বিসিবি স্পষ্ট করে জানায়, ঘটনাটি অসাবধানতাবশত এবং সাময়িক মনোযোগের অভাবে ঘটেছে। এর পেছনে প্রতিপক্ষের প্রতি কোনো ধরনের অবজ্ঞা বা অসম্মান প্রদর্শনের উদ্দেশ্য ছিল না।
বিজ্ঞপ্তিতে বিসিবি আরও জানায়, তারা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। যেকোনো পর্যায়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে ক্রিকেটের চেতনা ও প্রতিপক্ষের প্রতি শ্রদ্ধা বজায় রাখা একটি মৌলিক দায়িত্ব। এ ঘটনার পরপরই টিম ম্যানেজমেন্টকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
এ ছাড়া খেলোয়াড়দের আবারও মনে করিয়ে দেওয়া হয়েছে যে, প্রতিপক্ষ দলের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ক্রীড়াসুলভ মান বজায় রাখা তাদের অন্যতম প্রধান কর্তব্য। মাঠে ও মাঠের বাইরে ক্রিকেটের প্রকৃত মূল্যবোধ ও আদর্শ রক্ষায় বিসিবি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানানো হয়।

















