আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বৃহত্তর রাজনৈতিক জোটের স্বার্থে নিজের মনোনয়ন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন এনসিপির হ্যাবিওয়েট প্রার্থী ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ। সিলেট-৩ (দক্ষিণ সুরমা–ফেঞ্চুগঞ্জ–বালাগঞ্জ) আসনে তিনি দীর্ঘদিন ধরে সম্ভাবনাময় ও শক্তিশালী প্রার্থী হিসেবে পরিচিত ছিলেন।
রোববার (২০ জানুয়ারী) ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন বার্তায় ব্যারিস্টার জুনেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দেশ, গণতন্ত্র এবং বৃহত্তর রাজনৈতিক ঐক্যের স্বার্থে ১০ দলীয় জোটের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে তিনি মনোনয়ন প্রত্যাহারের কঠিন সিদ্ধান্ত নিয়েছেন।
ফেসবুক স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, নির্বাচনী প্রচারণার সময় সিলেট-৩ আসনের ঘরে ঘরে গিয়ে সাধারণ মানুষের স্বপ্ন, প্রত্যাশা, কষ্ট ও আশার কথা শুনেছেন, যা আজীবন তার হৃদয়ে গাঁথা থাকবে। তবে রাজনীতি শুধু ব্যক্তিগত চাওয়া-পাওয়ার জায়গা নয়; বরং দায়িত্ব, ত্যাগ ও বৃহত্তর স্বার্থের প্রশ্ন বলেও মন্তব্য করেন তিনি।
মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্তকে বেদনাদায়ক উল্লেখ করে ব্যারিস্টার জুনেদ বলেন, এই আসনের প্রতিটি মানুষ, বিশেষ করে তরুণ সমাজ ও মা-বোনদের চোখে যে ভরসা তিনি দেখেছেন, তা ছেড়ে আসা সহজ ছিল না। তবুও তিনি বিশ্বাস করেন, আজকের এই ত্যাগ আগামীর বড় রাজনৈতিক লড়াইকে আরও শক্তিশালী করবে।
তিনি আরও স্পষ্ট করেন, মনোনয়ন প্রত্যাহার করলেও জনগণের পাশ থেকে তিনি সরে যাচ্ছেন না। সিলেট-৩ আসনের মানুষের অধিকার, ন্যায্যতা, উন্নয়ন ও মর্যাদার প্রশ্নে আগের মতোই কণ্ঠে, কলমে ও কর্মে সক্রিয় থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সিলেটের রাজনীতিতে ব্যারিস্টার জুনেদের এই সিদ্ধান্ত ১০ দলীয় জোটের কৌশলগত সমঝোতার প্রতিফলন হলেও, এতে এনসিপি ও তরুণ ভোটারদের মধ্যে আলোচনার নতুন মাত্রা যোগ হয়েছে। অনেকেই এটিকে বৃহত্তর ঐক্যের স্বার্থে দেওয়া একটি বড় রাজনৈতিক ত্যাগ হিসেবে দেখছেন।
শেষে তিনি সিলেটবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এই বিশ্বাসই তাকে আগামীতেও সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকতে অনুপ্রেরণা জোগাবে।

















