গাজীপুরে প্রকাশ্যে ছুরিকাঘাতে এক নারী ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আশিক ইসলাম ওরফে স্বপন (২৭) নামে ছাত্রদলের সাবেক এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৩১ জানুয়ারি) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আশিক ইসলাম গাজীপুর মহানগরের গাছা থানার কলমেশ্বর এলাকার নজরুল ইসলামের ছেলে। তিনি গাজীপুর মহানগর ছাত্রদলের গাছা থানার ৩৫ নম্বর ওয়ার্ড শাখার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
নিহত নারী রানু বেগম (৪৫) ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার মাইজবাগ গ্রামের মো. হিরোনের স্ত্রী। তিনি গাজীপুর মহানগরের পশ্চিম কলমেশ্বর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন এবং ওই এলাকার দুলাল মার্কেটে ‘রানী ফ্যাশন গ্যালারি’ নামে একটি কাপড়ের দোকান পরিচালনা করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কাপড়ের ব্যবসার পাশাপাশি রানু বেগম দীর্ঘদিন ধরে এলাকায় সুদের ব্যবসার সঙ্গেও জড়িত ছিলেন। সুদের পাওনা টাকা নিয়ে মুদিদোকানি নজরুল ইসলাম ও তার ছেলে আশিক ইসলামের সঙ্গে তার বিরোধ চলছিল।
বিরোধের জেরে শনিবার সকালে নজরুল ইসলামকে গালাগাল করেন রানু বেগম। বিষয়টি জানতে পেরে ক্ষিপ্ত হয়ে ওঠেন আশিক ইসলাম। একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে তিনি রানু বেগমের ওপর হামলা চালান। এ সময় তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়।
রানুকে বাঁচাতে এগিয়ে গেলে তার ছেলে হৃদয় মিয়া ও স্থানীয় ওসমান হোসেনকেও ছুরিকাঘাত করে পালিয়ে যান আশিক। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রানু বেগমকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তিনি মারা যান।
খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের ছেলে হৃদয় মিয়া বাদী হয়ে গাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পরে শনিবার রাত ২টার দিকে ময়মনসিংহের ভালুকা এলাকায় অভিযান চালিয়ে আশিক ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, প্রধান আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

















