ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে ভারতে গ্রেফতার করা হয়েছে।
রোববার সন্ধ্যায় পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ)-এর এক সংবাদ বিজ্ঞপ্তির বরাতে বার্তা সংস্থা এএনআই এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার গভীর রাতে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
এসটিএফ জানায়, দুই বাংলাদেশি নাগরিক তাদের দেশে চাঁদাবাজি ও হত্যাসহ গুরুতর অপরাধ করে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে—এমন গোপন ও বিশ্বাসযোগ্য তথ্য তাদের কাছে ছিল। তারা সুযোগ পেলে বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে বনগাঁ সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছিল।
এই তথ্যের ভিত্তিতে শনিবার গভীর রাতে বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসটিএফ জানতে পারে, ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যা করে ভারতে পালিয়ে যায়। তারা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং ভারতের বিভিন্ন স্থানে ঘোরাফেরা করার পর শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় আসে বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে।
এ ঘটনায় ইতোমধ্যে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে এসটিএফ। রোববার আদালতে হাজির করার পর তাদের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।


















