সিলেটে জ্বালানি তেল পাচারের আশংকা নিয়ে উদ্বেগ বাড়ায় ডিপো ও সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে। জাতীয় গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে জ্বালানি তেলের সুরক্ষা নিশ্চিত করতে সম্প্রতি বিজিবি অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে।
বিজিবি জানায়, গত ২৫ মার্চ থেকে সিলেট শহরের দুটি ডিপোতে তাদের সদস্যরা দায়িত্ব গ্রহণ করেছেন। যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের সিলেট ডিপোতে জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির একটি প্লাটুন এবং পদ্মা অয়েল পিএলসির ডিপোতে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির আরেকটি প্লাটুন দায়িত্ব পালন করছে। এসব সদস্য ডিপোর ভেতর ও আশপাশে নিয়মিত টহল দিয়ে নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখছেন।
সরবরাহ ব্যবস্থায় কোনো অনিয়ম হচ্ছে কিনা তা নজরদারিও বাড়ানো হয়েছে। বিশেষ করে ডিপো থেকে চাহিদার বাইরে তেল সরবরাহ দেওয়া হচ্ছে কিনা, কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে কোথাও মজুদ করা হচ্ছে কিনা, এসব বিষয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বিজিবি।
এছাড়া সীমান্ত পথে পাচার ঠেকাতে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা বাড়ানো হয়েছে। দায়িত্বপূর্ণ এলাকার এলসিপি পয়েন্ট দিয়ে কয়লা-চুনাপাথর নিয়ে আসা ভারতীয় বড় ট্রাক ও ডাম্পারগুলো ফেরার সময় তেল পাচারের সঙ্গে জড়িত কিনা, সেটিও নিয়মিত যাচাই করা হচ্ছে।
দায়িত্ব এলাকার তেল পাম্পগুলোতেও মালিকদের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় আরও জনবল যুক্ত করার পাশাপাশি সার্বক্ষণিক মনিটরিং অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


















