বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের উৎসাহ দিতে ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দুই মাসের মধ্যেই এ কার্ড চালু হতে পারে বলে জানিয়েছেন আরিফুল হক চৌধুরী।
রোববার জাতিসংঘের দ্বিতীয় ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিভিউ ফোরাম-এ অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থানকালে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, দেশের আর্থিক উন্নয়নে প্রবাসীদের অবদানের স্বীকৃতি হিসেবে এই কার্ডের মাধ্যমে বিশেষ সুযোগ-সুবিধা দেওয়া হবে। এর মধ্যে বিমানবন্দরে দ্রুত ইমিগ্রেশন সুবিধা, দেশে অবস্থানকালে নিরাপত্তা এবং সম্পদের সুরক্ষা নিশ্চিত করার বিষয়ও থাকবে।
তিনি আরও জানান, যারা বেশি পরিমাণে বৈধ পথে রেমিট্যান্স পাঠাবেন, তাদের জন্য বাড়তি লজিস্টিক সাপোর্ট দেওয়ার পরিকল্পনাও রয়েছে।
আরিফুল হক চৌধুরী বলেন, ‘প্রবাসীদের দেশে বিনিয়োগে উৎসাহ দিতে বিশেষ পরিকল্পনা নেওয়া হচ্ছে। অনেক প্রবাসী দেশে বিনিয়োগ করতে আগ্রহী হলেও নানা জটিলতা ও প্রতারণার কারণে তারা পিছিয়ে যান। এ সমস্যা সমাধানে নিরাপদ বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে।’
প্রবাসীদের দীর্ঘদিনের দাবি অনুযায়ী বিদেশে মৃত্যুবরণকারী বাংলাদেশিদের মরদেহ সরকারি খরচে দেশে ফিরিয়ে আনার বিষয়েও সরকার কাজ করছে বলে জানান তিনি।
ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে মন্ত্রী বলেন, ‘এটি সময়সাপেক্ষ হলেও এ নিয়ে কার্যক্রম এগিয়ে চলছে। শুধু নিউইয়র্ক নয়, বিশ্বের আরও কয়েকটি দেশের সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর বিষয়টিও বিবেচনায় রয়েছে।’
যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের বিভিন্ন দাবি-দাওয়াকেও গুরুত্ব দেওয়া হবে বলে জানান তিনি।
সিলেট-৪ আসনের সংসদ সদস্য হিসেবে নিজের নির্বাচনি এলাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, গোয়াইনঘাট উপজেলায় দ্রুত একটি ফায়ার সার্ভিস স্টেশন চালু করা হবে। এছাড়া শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতে উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে এবং আগামী এক বছরের মধ্যে দৃশ্যমান অগ্রগতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি আরও জানান, জাফলং পর্যন্ত রেললাইন নির্মাণ এবং পর্যটন এলাকায় নিরাপত্তা ও পর্যটকবান্ধব পরিবেশ গড়ে তুলতে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে।
শেষে আরিফুল হক চৌধুরী বলেন, কাদা ছোড়াছুড়ি ও প্রতিহিংসার রাজনীতি পরিহার করে দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এতে দেশ আরও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।

















