সিলেটের কিশোর মাহাদি আনজুমের মৃত্যুকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে নানা আলোচনা-সমালোচনা চললেও, নিহতের মা গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক ডা. রুলী বিনতে রহিমকে ঘিরে ছড়িয়ে পড়া কিছু তথ্য নিয়ে প্রশ্ন উঠেছে।
বিশ্বস্ত সূত্রে নিশ্চিত হওয়া গেছে, ঘটনার পর ডা. রুলী বিনতে রহিম আত্মগোপনে যাননি। সন্তানের মৃত্যুর শোক ও মানসিক বিপর্যয়ের কারণে তিনি বর্তমানে সিলেট নগরীর ভাইয়ের বাসায় অবস্থান করছেন এবং পরিবারের সদস্যদের সঙ্গেই রয়েছেন। তবে সৎ বাবা ফাজিল চিস্তের বাসায়ই অবস্থান করছেন।
সূত্রগুলো বলছে, সন্তানের আকস্মিক মৃত্যুতে শোকাহত এই চিকিৎসক বর্তমানে কারও সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন না। এ অবস্থায় তাকে নিয়ে বিভিন্ন ধরনের গুঞ্জন ও অনুমাননির্ভর তথ্য ছড়িয়ে পড়ায় উদ্বেগ প্রকাশ করেছেন স্বজনরা।
এদিকে মাহাদির মৃত্যুর ঘটনায় পুলিশ ইতোমধ্যে তদন্ত কার্যক্রম শুরু করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।
স্থানীয় সচেতন মহলও মনে করছেন, একটি শোকাহত পরিবারকে ঘিরে যাচাইবিহীন তথ্য প্রচার না করে তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করা উচিত। তাদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা গুঞ্জন বিভ্রান্তি তৈরি করতে পারে এবং এতে সংশ্লিষ্ট পরিবারের মানসিক কষ্ট আরও বাড়তে পারে।
পরিবারের পক্ষ থেকে সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে, তদন্ত শেষ হওয়ার আগে কোনো ধরনের অনুমাননির্ভর তথ্য প্রচার বা শেয়ার না করার জন্য। একই সঙ্গে তারা আশা প্রকাশ করেছেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা সামনে আসবে এবং সব প্রশ্নের উত্তর মিলবে।

















