সিলেট নগরীর পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতাল-এ অসুস্থ অবস্থায় ডিউটিতে এসে এক কর্মচারীর মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত কাউছার আহমেদ (প্রায় ৪৫) বেতন কর্তনের ভয়ে অসুস্থ থাকা সত্ত্বেও কর্মস্থলে যোগ দেন বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, সম্প্রতি হাসপাতাল কর্তৃপক্ষ কর্মচারীদের উদ্দেশ্যে একটি নোটিশ দেয়, যেখানে উল্লেখ ছিল একদিন অনুপস্থিত থাকলে ৫ দিনের বেতন কেটে নেওয়া হবে। এ ধরনের কঠোর সিদ্ধান্তের কারণে কর্মচারীদের মধ্যে চাপ ও উদ্বেগ তৈরি হয়।
সহকর্মীদের তথ্যমতে, কাউছার আহমেদ অসুস্থ থাকলেও বৃহস্পতিবার রাত ৮টার দিকে ডিউটিতে আসেন। কিছুক্ষণ পরই হঠাৎ তার বুকে তীব্র ব্যথা শুরু হয়। দ্রুত তাকে সিসিইউতে (CCU) নেওয়া হয়।
চিকিৎসার একপর্যায়ে একটি ইনজেকশনের প্রয়োজন হলে একজন কর্মচারী হাসপাতালের ফার্মেসিতে যান। তবে অভিযোগ রয়েছে, সেখানে প্রয়োজনীয় ইনজেকশনটি তাৎক্ষণিকভাবে সরবরাহ করা হয়নি।
পরে চিকিৎসাধীন অবস্থায় কাউছার আহমেদের মৃত্যু হয়।
এই ঘটনায় হাসপাতালের কর্মপরিবেশ, মানবিকতা এবং চিকিৎসা সেবার মান নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সহকর্মী ও সচেতন মহল।


















