সিলেট নগরীতে চলন্ত সিএনজির ভেতরে ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে হাতেনাতে আটক করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকাল আনুমানিক ৬টার দিকে ওসমানী মেডিকেল রোডের ল্যাবএইড হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সিলেটের বিশ্বনাথ উপজেলার শেখেরগাঁও এলাকার মৃত ক্বারী আলাউদ্দিনের ছেলে তাজুল ইসলাম (৬০) বন্দরবাজারগামী একটি সিএনজিতে ওঠেন। রিকাবীবাজার পয়েন্টে পৌঁছালে সিএনজিতে থাকা ছিনতাইকারীরা তার পাঞ্জাবির পকেট থেকে নগদ ৪ হাজার টাকা ছিনিয়ে নেয়।
এ সময় ভুক্তভোগীর চিৎকারে আশপাশে টহলরত পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সিএনজিসহ দুইজনকে আটক করে।
আটককৃতরা হলেন—
সুনামগঞ্জের ছাতক উপজেলার ঝিগলী এলাকার আব্দুন নূরের ছেলে আক্তার হোসেন (৩৫), বর্তমানে সিলেটের জালালাবাদ থানার ভাইয়ারপাড় এলাকায় বসবাসরত।
এবং বিশ্বনাথ উপজেলার চৌধুরীবাজার এলাকার মতিন মিয়ার ছেলে মো. সুমন মিয়া (২৬), বর্তমানে জালালাবাদ থানার আখালিয়া বড়বাড়ী এলাকায় বসবাসরত।
এ ঘটনায় ব্যবহৃত সিএনজিটিও জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


















