সিলেটে নিজ কন্যাশিশুকে ঘরে ঘুমন্ত অবস্থায় বটি দা দিয়ে গলা কেটে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনায় শিশুটির পিতা আমির আলী বাদী হয়ে জালালাবাদ থানায় শনিবার (২৩ মে) দুপুরে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলায় শিশুটির মা সুবিনা বেগম (২৫) কে প্রধান আসামি করা হয়। পরে পুলিশ তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। তবে হত্যাকান্ডের কারণ উদঘাটন করা যায়নি।
সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল হাবীব বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে তিনি জানান, হত্যার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। সুবিনা বেগমকে আজ শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২২ মে) ভোরে সিলেটের জালালাবাদ থানাধীন পুরাতন কালারুকা গ্রামে এ ঘটনা ঘটে। ঘরে থাকা বটি দা দিয়ে শিশু মাইমুনা জান্নাত তোহাকে (১ বছর ৮ মাস) গলা কেটে হত্যা করা হয় বলে অভিযোগ করা হয়েছে। শিশুটি ওই গ্রামের আমির আলীর কন্যা। ঘটনার সময় আমির আলী ফজরের নামাজ আদায় করতে মসজিদে ছিলেন। পরে তিনি ঘরে ফিরে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে।

















