শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
রোববার সকাল ৭টা ৩ মিনিটে রাষ্ট্রপতি মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয় এবং সেনাবাহিনীর একটি চৌকশ দল সশস্ত্র সালাম জানায়।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস সকাল ৭টা ২২ মিনিটে শ্রদ্ধা নিবেদন করেন।
দিবসটি উপলক্ষে দেওয়া বাণীতে রাষ্ট্রপতি বলেন, বুদ্ধিজীবীরা জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল কারিগর। পরাজয়ের দ্বারপ্রান্তে থাকা পাকিস্তানি বাহিনী স্বাধীনতার প্রাক্কালে জাতিকে মেধাশূন্য করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে দেশের শীর্ষ বুদ্ধিজীবীদের হত্যা করে। এ ক্ষত বাংলাদেশ আজও বহন করছে।
প্রধান উপদেষ্টা তার বাণীতে বলেন, স্বাধীনতার প্রাক্কালে হানাদার বাহিনী ও তাদের দোসররা দেশের মেধাবী সন্তানদের নির্মমভাবে হত্যা করে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল।
তিনি আরও বলেন, শহীদ বুদ্ধিজীবীরা একটি গণতান্ত্রিক, উন্নত ও বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে।


















