ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, চলতি বছরের শুরুতে তিনি একজন ভারতীয় কূটনীতিকের সঙ্গে বৈঠক করেছেন। ভারতীয় ওই কর্মকর্তা বৈঠকটি গোপন রাখার অনুরোধ জানানোয় বিষয়টি এতদিন প্রকাশ করা হয়নি বলে জানান তিনি।
সম্প্রতি এনসিপির সঙ্গে নির্বাচনী সমঝোতার পরপরই দেওয়া এই সাক্ষাৎকারে জামায়াত আমির বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনের পর একটি ‘জাতীয় ঐক্যের সরকার’ গঠনের পক্ষে তাদের অবস্থান। তিনি বলেন, সবচেয়ে বেশি আসন পাওয়া দল থেকেই প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ১৭ বছর পর নির্বাচনে ফিরতে যাওয়া জামায়াত দেশের রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। জনমত জরিপে দলটি বিএনপির পর দ্বিতীয় জনপ্রিয় অবস্থানে রয়েছে বলেও উল্লেখ করা হয়।
ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, বৈরিতা নয়, বরং সব দেশের সঙ্গে খোলামেলা ও ভারসাম্যপূর্ণ সম্পর্ক চায় জামায়াত। অন্যদিকে বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অধীনে সরকার পরিচালনায় জামায়াত স্বস্তিবোধ করবে না বলেও মন্তব্য করেন তিনি।
এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি মন্তব্য না করলেও দিল্লির একটি সরকারি সূত্র জানিয়েছে, বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তাদের যোগাযোগ অব্যাহত রয়েছে।


















