শরিফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যেই ফয়সালকে জামিনে মুক্ত করা হয়েছিল বলে দাবি করেছেন ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার মুখপাত্র ফাতিমা তাসনিম জুমা।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন। পোস্টে ফাতিমা তাসনিম জুমা লেখেন, “এই খুনের জন্যই ফয়সালকে জামিনে বের করা হয়েছিল। সরকারে বসা কে এই জামিনের জন্য তদবির করেছিল? কোন বিচারক এই রায় দিয়েছিলেন? তিনি কার রিক্রুট করা? কোন আইনজীবী জামিন করিয়েছেন? আর কোন চ্যানেলে ফয়সাল ইনকিলাবে এসেছিল?”
তিনি আরও বলেন, “কবির নামে যাকে গ্রেপ্তার করা হয়েছে, তিনি সেন্টারে যেদিন প্রথম অ্যাটেম্পট নেয়, সেদিন ফয়সালের সঙ্গে ছিল। ফয়সাল ছাড়া তার কাছেও গুরুত্বপূর্ণ লিড থাকার উচ্চ সম্ভাবনা রয়েছে। তারপরও কেন মামলার অগ্রগতি নেই? কেন নতুন কোনো তথ্য পাওয়া যাচ্ছে না বলা হচ্ছে?”
এই প্রশ্নগুলোর উত্তর অনুসন্ধানী সাংবাদিকরা জাতির সামনে তুলে ধরলে অনেক রহস্য উন্মোচিত হবে বলেও মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান।
এরপর ১৯ ডিসেম্বর সন্ধ্যায় হাদির মরদেহ দেশে আনা হয়। ২০ ডিসেম্বর দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের অংশগ্রহণে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে তাকে দাফন করা হয়।


















