সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রচারণার সময় ১২ ঘণ্টা বাড়ানো হয়েছে। আজ রোববার সকাল ১০টায় শাকসুর প্রধান নির্বাচন কমিশনার আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীরা আজ সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন। আগামী ২০ জানুয়ারি সকাল ৯টা থেকে শাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১২ জানুয়ারি বাংলাদেশ নির্বাচন কমিশন দেশের সব নির্বাচন স্থগিত করায় শাকসু নির্বাচনের প্রচারণা ব্যাহত হয়। পরে ১৫ জানুয়ারি নির্বাচন কমিশন শাকসু নির্বাচন ২০ জানুয়ারি ২০২৬ তারিখে আয়োজনের অনুমতি দেয়। প্রার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রচারণার সুবিধার্থে সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

















