সুনামগঞ্জের দিরাই উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তলসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দিরাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক উজ্জল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দিরাই পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা মোশাররফ মিয়ার পুত্র।
শুক্রবার সন্ধ্যায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে উজ্জল মিয়ার হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, একটি একনলা বন্দুক, পিস্তলের ৮ রাউন্ড গুলি, একাধিক পাসপোর্ট এবং দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
সেনাবাহিনী জানায়, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রমের অংশ হিসেবে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান অব্যাহত রয়েছে।
অভিযান শেষে রাত আনুমানিক ১২টার দিকে গ্রেপ্তারকৃত উজ্জল মিয়াকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দিরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী জানান, যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্রসহ আটক উজ্জল মিয়ার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হবে।

















