দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে হেনস্তার ঘটনায় কুমিল্লার চান্দিনা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নূরকে প্রত্যাহার করে সিলেটে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। সিনিয়র সহকারী সচিব বরমান হোসেন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়, বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ফয়সাল আল নূরকে তার বর্তমান পদ থেকে প্রত্যাহার করে সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে সংযুক্ত করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
এর আগে বুধবার (১ এপ্রিল) চান্দিনা উপজেলা ভূমি কার্যালয়ে জমির খারিজ সংক্রান্ত শুনানিতে অংশ নিতে যান দুই সাংবাদিক—দৈনিক মানবজমিনের দেবিদ্বার প্রতিনিধি রাসেল সরকার এবং ‘ফেস দ্য পিপল’-এর প্রতিনিধি আব্দুল আলীম।
অভিযোগ রয়েছে, সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তাদের বসিয়ে রেখে শুনানি না করে ব্যক্তিগত কাজে সময় কাটান এসিল্যান্ড ফয়সাল আল নূর। এ সময় শুনানি বিষয়ে জানতে চাইলে তিনি অসৌজন্যমূলক আচরণ করেন। একপর্যায়ে ঘটনাটি ভিডিও করতে গেলে ক্ষিপ্ত হয়ে সাংবাদিকদের মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন এবং ধস্তাধস্তিতে জড়ান।
পরে তিনি পুলিশ ডেকে দুই সাংবাদিককে আটক করান। পুলিশ তাদের থানায় নিয়ে যায়। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।
ঘটনাটি গণমাধ্যমে প্রকাশিত হলে দেশজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতেই তাকে প্রত্যাহার করে সিলেটে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়।

















