বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামী ২ মে সিলেট সফরে আসছেন। প্রধান দায়িত্ব নেওয়ার পর এটি হবে তার প্রথম সিলেট সফর।
জানা গেছে, সফরকালে তিনি ‘সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়’-এর উদ্বোধন করবেন এবং আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন।
এ উপলক্ষে রোববার সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। এতে সফরকে কেন্দ্র করে বিভিন্ন প্রস্তুতি ও কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সফরের অংশ হিসেবে জিয়াউর রহমান-এর স্মৃতিবিজড়িত বাসিয়া নদীর পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন তারেক রহমান। পাশাপাশি তিনি সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজন এবং সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম উদ্বোধন করবেন।
উল্লেখ্য, ২০১৮ সালে আওয়ামী লীগ সরকারের সময় বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়ে পরবর্তীতে ‘বঙ্গমাতা ফজিলাতুনেছা মেডিকেল বিশ্ববিদ্যালয়’ নামে পরিচিত ছিল। পরে নাম পরিবর্তন করে আবার ‘সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়’ করা হয়। বর্তমানে চৌহাট্টায় অস্থায়ী কার্যালয়ে কার্যক্রম চললেও দক্ষিণ সুরমায় স্থায়ী ক্যাম্পাস নির্মাণ এখনো সম্পন্ন হয়নি।
সভায় তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি সরকারি ভবন সুসজ্জিতকরণ, সড়ক সংস্কার, নগর পরিচ্ছন্নতা বৃদ্ধি এবং সড়কের পাশের সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নেওয়ার বিষয়েও আলোচনা হয়।
এছাড়া জেলা স্টেডিয়ামে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন এবং প্রতিটি খেলার জন্য পৃথক টিম গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, ক্রীড়া সংগঠক ও গণমাধ্যমকর্মীরা।


















