শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবিরের ‘গুপ্ত রাজনীতি’ নিষিদ্ধের দাবিতে দেয়াল লিখন কর্মসূচি পালন করেছে শাখা ছাত্রদল। বুধবার (২২ এপ্রিল) দুপুরের দিকে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও দেয়ালে এ কর্মসূচি পরিচালনা করেন সংগঠনটির নেতাকর্মীরা।
এ সময় দেয়ালে বিভিন্ন স্লোগান লেখা হয়, যার মধ্যে ছিল ‘গুপ্ত রাজনীতি বন্ধ চাই’সহ নানা বার্তা। কর্মসূচিতে অংশ নিয়ে নেতারা জানান, চট্টগ্রাম সিটি কলেজে সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে এ প্রতিবাদ কর্মসূচি পালন করা হচ্ছে।
শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম সরকার বলেন, শিক্ষাঙ্গনে স্বচ্ছ ও উন্মুক্ত ছাত্ররাজনীতির পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। তার দাবি, ‘গুপ্ত রাজনীতি’ শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে এবং এ ধরনের কার্যক্রম বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত।
এদিকে শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামান বলেন, দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতির বিভিন্ন দাবির আড়ালে কিছু সংগঠনের গোপন তৎপরতা চলমান রয়েছে বলে তাদের অভিযোগ। এসব কার্যক্রমের প্রতিবাদে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলেও তিনি জানান।


















